৪৩ মিলিমিটার বৃষ্টিতে ডুবল ঢাকা, যানজটে স্থবির প্রধান সড়ক

স্টার অনলাইন রিপোর্ট

মাত্র ২ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার অনেক সড়ক। অল্প সময়ে বেশি বৃষ্টির কারণে পানি নিষ্কাশন হতে দেরি হওয়ায় সড়কগুলো প্রায় পানির নিচে ডুবে গেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। টানা প্রায় ২ ঘণ্টা মুষলধারে বৃষ্টি চলার পর সাড়ে ৫টার দিকে কিছুটা কমে আসে।

এরপরও বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর পাওয়া গেছে। বিকেলের ভারী বৃষ্টিতে আটকে পড়ে সাধারণ মানুষ ও পথচারী।

rain
টানা প্রায় ২ ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। ছবি: পলাশ খান/স্টার

পরে বৃষ্টি কমে এলে সন্ধ্যায় রাজধানীর অনেকগুলো প্রধান সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। গুলশান, বনানী, মহাখালী, আসাদগেট, ফার্মগেট, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে ভোগান্তিতে পড়েন মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতেও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার বিকেলে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকতে পারে।'

বৃষ্টির পরপরই মোহাম্মদপুর, ফার্মগেট, গ্রিন রোড, কারওয়ান বাজার, গুলশান, বাড্ডা, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় দ্রুত পানি জমে যায়।

rain
বৃষ্টির সময় মোটরসাইকেলগুলো ফ্লাইওভারের আশ্রয় নেয়। ছবি: পলাশ খান/স্টার

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃষ্টির সময় মোটরসাইকেলগুলো ফ্লাইওভার বা ওভারপাসের নিচে আশ্রয় নেয় এবং এতেও তাদের শেষ রক্ষা হয়নি, বৃষ্টিতে ভিজে যেতে হয়েছে অনেককেই।

কিন্তু মোটরসাইকেল ও রিকশা জটলা পাকিয়ে থাকার কারণে পেছনে গাড়িগুলো আটকে যায়। জলাবদ্ধ রাস্তার কারণে গাড়িগুলো ধীরগতিতে চলাচল করে।

গণপরিবহন সংকটের কারণে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা বা ভ্যানে রাস্তা পার হতে দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, বৃষ্টির কারণে গুলশান, ফার্মগেট ও মতিঝিলসহ রাজধানীর প্রায় সব প্রধান সড়কে যানজট তৈরি হয়েছে।

ট্রাফিক কন্ট্রোল রুমের এক অপারেটর ডেইলি স্টারকে বলেন, 'হঠাৎ এই যানজটের পেছনে অন্য কোনো কারণ নেই। রাস্তায় পানি জমে যাওয়ার কারণে গাড়ি অত্যন্ত ধীরগতিতে চলছে। এ কারণেই যানজট তৈরি হয়েছে।'

আজ সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১০৩ মিলিমিটার। আগামী ৫ দিনে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।