৩ নম্বর সংকেত

রাতেই উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপ

স্টার অনলাইন রিপোর্ট

পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে পশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তরপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ বুধবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৮০, মোংলা থেকে ৭২০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

পূর্বাভাস বলছে, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ রাতেই ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

এছাড়া দুর্ঘটনা এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি প্রশমিত হতে পারে।