মিয়ানমারে স্থল নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

স্টার অনলাইন রিপোর্ট

উত্তর আন্দামান সাগর ও মিয়ানমারের কাছে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার সকালে এটি স্থল নিম্নচাপ আকারে পূর্বমধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

তবে এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারের মাঝিদের গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস আরও বলছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দুএক জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।

এছাড়া, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।