সিনোভ্যাক থেকে ৩ লাখ ডোজ পোলিও টিকা পেল বাংলাদেশ

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

আজ বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই অনুদান গ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লি নিংসহ আরও অনেকে।

উল্লেখ্য, সিনোভ্যাকের অনুদানের মোট ৭৬ হাজার ৬১৬ ভায়াল (৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ) পোলিও টিকার চালান এরই মধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

সিনোভ্যাকের তৈরি পোলিও (পোলিওমাইলাইটিস ভ্যাকসিন, ভেরো সেল, ইনঅ্যাক্টিভেটেড সেভিন স্ট্রেইন—এসআইপিভি) টিকা ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রি-কোয়ালিফিকেশন যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশের এই দুঃসময়ে সিনোভ্যাক ফাউন্ডেশনের অনুদানে চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশের প্রতিটি খাতে উন্নয়ন সহযোগী হিসেবে পরীক্ষিত বন্ধুর মতো চীন পাশে রয়েছে।

‘হামের টিকার ব্যবস্থা হলেও সামনে ডেংগু, পোলিও, হান্তাসহ অনেক রোগ চোখ রাঙ্গাচ্ছে,’ বলেন তিনি।

এ সময় অন্যান্য টিকা সহায়তা দিতে চীনের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ শিগগির টিকা উৎপাদনে যাবে। তার আগে পর্যন্ত শিশুদের সুরক্ষায় চীনকে পাশে থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিগত সরকারের ব্যর্থতা তুলে ধরে সাখাওয়াত বলেন, ‘বিগত সরকার হামের টিকা সংগ্রহ ও টিকাদান কর্মসূচির আয়োজন করতে ব্যর্থ হয়েছে। এখানে উল্লেখ করা দরকার, যেখানে প্রতি বছর দুইবার পুষ্টি কর্মসূচি “ভিটামিন এ ক্যাম্পেইন” হওয়ার কথা, সেখানে ২০২৪ ও ২০২৫ সালে এই আয়োজন করতে সরকার ব্যর্থ হয়েছে।’

আগামী জুনে পর্যাপ্ত সংখ্যক ভিটামিন এ ক্যাপসুল হাতে আসবে বলেও জানান তিনি।

এ ক্ষেত্রে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও জানান, বর্তমানে সরকারের অগ্রাধিকার রোগ প্রতিরোধ করা।

লি নিং বলেন, ‘আমরা আশা করি, অনুদানের এই টিকা বাংলাদেশের ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে, শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং দেশের পোলিও নির্মূল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’