ডেঙ্গু: টানা চতুর্থ দিন ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মোট মৃত্যু ১০০ ছাড়াল

স্টার অনলাইন রিপোর্ট

টানা চতুর্থ দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসময় ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ১০২ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে, গতকাল সোমবার এক হাজার ১৬৩ জন, রোববার এক হাজার ৯৭ জন ও শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে নিয়মিত প্রতিবেদনে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।