হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু, মোট ৯৮৩
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৩।
এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
একই সময়ে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪৪৭ জনে।
২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।