ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৩৫

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন এবং খুলনা বিভাগে দুইজন মারা গেছেন।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৪ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯৪ হাজার ১৫১ জনের।