ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
আজ শনিবার ইন্টার্ন চিকিৎসকেরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে শুক্রবার রাত থেকে এই কর্মবিরতি শুরু হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের চতুর্থতলার চার নম্বর ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও হামলায় রূপ নেয়। এ সময় একজন নারী ইন্টার্ন চিকিৎসক হামলার শিকার হন।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্ট রোগী ও তাদের স্বজনদের অন্য হাসপাতালে নিয়ে যায়।
হামলার প্রতিবাদে রাতেই এক বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকেরা জানান, মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন নারী ইন্টার্ন চিকিৎসকের (এমবিবিএস ৫৭ ব্যাচ) ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে একজন নারী চিকিৎসকের ওপর এ ধরনের হামলাকে তারা চরম লজ্জাজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
বিবৃতিতে এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. বদরুল আমিন বলেন, 'সার্বিক বিষয় নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, তারা দ্রুত কাজে ফিরবেন।'
হামলার ঘটনায় হাসপাতাল প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করবে বলেও জানান তিনি।