স্বাস্থ্যকর্মীদের মন্ত্রণালয়ে ডেকে জরুরি বৈঠক, দাবি পূরণে কমিটি গঠন

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যখাতে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, পোর্টারসহ বিভিন্ন পদে কর্মরতদের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এর নির্দেশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে আসা প্রতিনিধিরা চাকরিতে তাদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন। বহুবছর ধরে তাদের বেতন গ্রেড উন্নয়নের দাবি বাস্তবায়ন ঝুলে আছে। তারা এবিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের দাবি-দাওয়া ও বঞ্চনা সম্পর্কে আমরা জানি। আজও একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আপনাদের বিষয়গুলো বিবেচনা করা হবে।  

স্বাস্থ্যসচিব বলেন, আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করুন। সরকারকে সহযোগিতা করুন। আমাদের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী আপনাদের বিষয়ে অবগত। স্বাস্থ্যমন্ত্রী আপনাদের কল্যাণে সব ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আপনাদের ন্যায্য দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হবে। কাজেই দাবি-দাওয়ার বিষয়গুলো আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি থেকে আলাদা থাকাই ভালো।

সভায় স্বারকর্মীদের ন্যায্য দাবি পূরণে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হানকে সভাপতি করে একটি কমিটি করে দেওয়া হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যকর্মীরা তাদের ডেকে সভা করায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে জানান, টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। তারা আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম, মনোয়ারা ইশরাত, নাফরিজা শ্যামা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান, পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপ-পরিচালক (হাসপাতাল) সৈয়দ আবু আহাম্মদ শাফীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।