সেনা অভিযানে নিহত মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট
সেনা অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর শক্তিশালী মাদক সম্রাট নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগেরা। দেশটির একাধিক এলাকাজুড়ে পরিচালিত এই অভিযানে ব্যাপক সহিংসতার নজির দেখা গেছে।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জালিসকো নিউ জেনারেশন কার্টেল নামে পরিচিত মাদকচক্রের নেতা ওসেগেরা (৫৯) জালিসকো রাজ্যের তাপালপা শহরে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে আহত হন।
পরবর্তীতে রাজধানী মেক্সিকো সিটিতে উড়িয়ে নেওয়ার সময় তিনি প্রাণ হারান। সেনাবাহিনীর বিবৃতিতে এভাবেই তার মৃত্যুর বর্ণনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ওসেগেরাকে মৃত বা জীবিত অবস্থায় ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
ওসেগেরা হত্যার প্রতিশোধ নিতে বন্দুকধারীরা পশ্চিম জালিসকো রাজ্যের ২০টি সড়ক অবরুদ্ধ করে রাখে। ট্রাক ও গাড়িতে অগ্নিসংযোগ করে তারা সড়কগুলোতে ব্যারিকেড সৃষ্টি করে। দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় আট রাজ্যে সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান স্থগিত করা হয়েছে।

পাশাপাশি, আইন বিভাগ প্রয়োজন অনুসারে আদালতের কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ওসেগেরা ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত ছিলেন। কুখ্যাত সিনালোয়া কার্টেলের দুই প্রতিষ্ঠাতা হোয়াকিন ‘এক চাপো’ গুজমান ও ইসমায়েল জামবাদাকে আটকের পর এটাই মেক্সিকোর মাদক পাচার চক্রের ওপর সবচেয়ে বড় আঘাত। ওই দুই মাদক সম্রাট যুক্তরাষ্ট্রে কারাদণ্ড ভোগ করছেন।
রোববারের বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মেক্সিকোর সামরিক গোয়েন্দা বিভাগকে এই অভিযানে ‘বিনামূল্যে’ তথ্য দিয়ে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ওয়াশিংটন ‘গোয়েন্দা তথ্য দিয়ে’ এই অভিযানে সমর্থন জুগিয়েছে।
মেক্সিকোর সেনাবাহিনী জানিয়েছে, ওসেগেরার পাশাপাশি মাদকচক্রের আরও ছয় সন্দেহভাজন বন্দুকধারী ব্যক্তি নিহত হয়েছেন। অভিযানে তিন সেনা আহত হয়েছেন।
মাদক চক্রের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। বিবৃতি অনুসারে, এসব অস্ত্রের মধ্যে আছে যুদ্ধবিমান ও সাঁজোয়া যান ধ্বংস করতে পারে এমন রকেট লঞ্চার।
আসন্ন গ্রীষ্ম মৌসুমে ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপে চারটি খেলার আয়োজন করবে জালিসকো রাজ্য।
বন্ধুকধারীরা রাস্তা আটকে সহিংসতা শুরু করার পর ওই রাজ্যের সব অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে।
২০০৯ সালে গঠন মাদক চক্র জালিসকো কার্টেল গঠন করেন ‘এল মেঞ্চো’ ওসেগেরা। অল্প সময়ের মধ্যে এটি মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ মাদক চক্রে পরিণত হয়।
জালিসকো কার্টেল যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। ওয়াশিংটন এই মাদকচক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন, হেরোইন, মেথামফেটামাইন ও ফেন্টানিল পাচারের অভিযোগ এনেছে।
এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। তিনি ওসেগেরাকে ‘সবচেয়ে কুখ্যাত ও নির্দয় মাদক সম্রাটদের অন্যতম’ আখ্যা দেন।
তিনি বলেন, ‘(তার মৃত্যু) মেক্সিকো, যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও সমগ্র বিশ্বের জন্য খুবই ভালো একটি খবর।’
মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ বিভিন্ন ধরনের মাদক পাচারের বিরুদ্ধে উদ্যোগ নিতে বরাবরই চাপ দিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে, ওই চাপের প্রভাবেই সেনাবাহিনী এ ধরনের সহিংস অভিযানে অংশ নিয়েছে।
ট্রাম্প বেশ কয়েকবার মেক্সিকোর পণ্য আমদানির ওপর বড় আকারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, মাদক পাচার বন্ধে যথেষ্ঠ উদ্যোগী নন শেনবম।
সহিংসতার জেরে মেক্সিকোগামী ফ্লাইট বাতিল করেছে কানাডা ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজসংস্থাগুলো।

