তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ

স্টার অনলাইন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এমনটি জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত রাতে তেহরান ছাড়াও বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইনকিলাব স্কয়ারে একটি পুলিশ স্টেশনেও হামলা চালানো হয়েছে।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) পাল্টা আঘাত হানার অঙ্গীকার করেছে এবং তারা হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে একটি বিবৃতি জারি করেছে।

তারা জানিয়েছে যে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে ১০টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কারকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা শুরু করে। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাও হামলা নিহত হয়েছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়ে যাচ্ছে ইরান। দেশটি উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

হামলায় ইরানে হতাহতের সংখ্যা বাড়ছে। তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।