ইসরায়েলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সাইরেন

স্টার অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলার আজ পঞ্চম দিন। আগ্রাসীদের হামলার মুখে বসে নেই তেহরান। মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন সেনা ঘাঁটি আছে, সেগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইরান।

পাশাপাশি, সময়-সুযোগ বুঝে চিরশত্রু ইসরায়েলকেও ছাড় দিচ্ছে না দেশটি। 

আজ বুধবার ভোরবেলা থেকেই আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বেশিরভাগ অঞ্চলে। 

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে অভিযান শুরু করেছে তারা। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

হামলা শুরুর পর তাৎক্ষণিকভাবে জেরুসালেম, তেল আবিব ও দেশের অন্যান্য এলাকার জনগোষ্ঠীকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

তবে কয়েক মিনিট পর এই নির্দেশনা প্রত্যাহার করা হয়। এখন পর্যন্ত কোনো স্থাপনায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রকাশ পায়নি। 

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, তারা হতাহতের কোনো তথ্য পায়নি।

 
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুসালেমের কাছাকাছি এক জায়গায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। 

পুলিশ জানিয়েছে, জেরুসালেম এলাকার কর্মকর্তারা ‘ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।’

এই ঘটনার পাঁচ ঘণ্টা আগেও আরেকবার ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।