খামেনির দাফন হবে জন্মশহর মাশহাদে: ইরানি গণমাধ্যম

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন হবে পবিত্র শহর মাশহাদে।

মঙ্গলবার বার্তা সংস্থা ফারসের বরাতে এমন খবর দিয়েছে এএফপি। ৮৬ বছর বয়সী খামেনি গত শনিবার নিহত হন।

ইরানের এই সর্বোচ্চ নেতা ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। সেখানে ইমাম রেজার মাজার এলাকায় তার বাবাকেও দাফন করা হয়েছিল।

খামেনির দাফনের আগে তেহরানে বিশাল এক বিদায়ী অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে বিপ্লবী রক্ষীবাহিনী। টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় তারা এমনটি জানায়।

দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) তার উত্তরসূরি নির্বাচন না করা পর্যন্ত শাসনক্ষমতা তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিলের হাতে ন্যস্ত করা হয়েছে।

এই কাউন্সিলে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ। গার্ডিয়ান কাউন্সিল হলো সেই সংস্থা যা আইন তদারকি করে এবং নির্বাচনী প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করে।

এই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত একজন কর্মকর্তার বরাত দিয়ে ফারস নিউজ জানিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বিশেষজ্ঞ পরিষদের চূড়ান্ত বৈঠক খামেনির দাফন শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হতে পারে।