লাখো মানুষের জীবন নিয়ে ‘রাশিয়ান রুলেট’ খেলছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি স্পেনের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, এই সংঘাত লাখো মানুষের জীবন নিয়ে ‘রাশিয়ান রুলেট’ খেলার শামিল, যা মানবতার জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে।
ইরানে হামলা নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় ইসরয়েলি গণহত্যার বিরুদ্ধেও সরব ছিল মাদ্রিদ। সর্বশেষ ইরানে হামলায় স্পনের ভূমি ব্যবহারে অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়। এর জেরে ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকিও দিয়েছেন। এর পরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী তার কড়া প্রতিক্রিয়া জানান।
টেলিভিশনে প্রচারিত ভাষণে সানচেজ বলেন, ‘মানবতার বড় বড় বিপর্যয় এভাবেই শুরু হয়... লাখো মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না।’
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণকে ‘বেপরোয়া ও অবৈধ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছিলেন সানচেজ। পরে তিনি তেহরানের বিরুদ্ধে হামলায় স্পেনের দক্ষিণাঞ্চলের নৌ ও বিমানঘাঁটি ব্যবহার করতে মার্কিন উড়োজাহাজকে নিষেধ করেন। এতে দুই ন্যাটো মিত্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, বোমা দিয়ে বিশ্বের সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, ‘স্পেন সরকারের অবস্থানকে তিন শব্দে সংক্ষেপে বলা যায়: “যুদ্ধকে না বলুন”।’
ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির জবাবে সানচেজ বলেন, ‘আমরা এমন কোনো কাজে সহযোগী হব না যা বিশ্বের জন্য খারাপ বা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থি। কারও ভয়ে আমরা নীতি বিসর্জন দেব না।’
ইরাক যুদ্ধের ফল হিসেবে জঙ্গিবাদের উত্থান ও জ্বালানির দাম বৃদ্ধির কথা উল্লেখ করে সানচেজ বলেন, ইরানে এই হামলার পরিণতিও হবে তেমনই। এটি কোনোভাবেই একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলবে না।