মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত টানা ১৪ দিন ধরে চলছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অঞ্চলজুড়ে অন্তত ১২টি দেশে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা ইরান যুদ্ধে বিভিন্ন দেশে হামলা ও হতাহতের তথ্য প্রকাশ করেছে।
কোন কোন দেশে হামলা হয়েছে
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ১০ মার্চ জানায়, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অন্তত ২৭টি মার্কিন ঘাঁটি এবং তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এখন পর্যন্ত ইরান বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের নয়টি দেশে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া একটি ইরানি ড্রোন সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির রানওয়েতে আঘাত হানে।
তবে এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ জানিয়েছে।
হতাহত সংখ্যা
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত হামলার শিকার হওয়া ১১টি দেশের নিশ্চিত হতাহতের তথ্য প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় এসব সংখ্যা আরও বাড়তে পারে।
ইরান
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।
ইসরায়েল
ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ১৫ জন নিহত এবং ২ হাজারের বেশি আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়ও অনেক মানুষ আহত হয়েছে।
১ মার্চ মধ্য ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন।
যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পুরো অঞ্চলে ইরানি হামলায় তাদের ১১ জন সদস্য নিহত হয়েছেন। আর কুয়েতে এক সেনাসদস্য ‘স্বাস্থ্যজনিত’ কারণে মারা গেছেন।
১৩ মার্চ সেন্টকম জানায়, পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে ছয় ক্রু সদস্যের মধ্যে চারজন নিহত হন।
বাহরাইন
বাহরাইনে অন্তত ২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
বাহরাইনের জুফায়ের এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি বিদেশি জাহাজের ওপর পড়লে এক এশীয় শ্রমিক নিহত হন।
এছাড়া ১০ মার্চ রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে আঘাত হানলে ২৯ বছর বয়সী এক নারী নিহত এবং আটজন আহত হন।
জর্ডান
জর্ডান জানিয়েছে, তাদের লক্ষ্য করে ছোড়া ১১৯টি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৪ জন আহত হয়েছে।
ইরাক
ইরাকে মোট ২৭ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ২১ যোদ্ধা, অন্তত তিনজন ইরানি কুর্দি যোদ্ধা, এরবিল বিমানবন্দরের এক নিরাপত্তারক্ষী এবং বাগদাদের কাছে এক বেসামরিক ব্যক্তি।
ইরাকের এরবিল অঞ্চলে এক হামলায় এক চিফ ওয়ারেন্ট অফিসার নিহত হন এবং কয়েকজন ফরাসি সেনা আহত হন।
লেবানন
লেবাননের তথ্য মন্ত্রী পল মরকোস জানিয়েছেন, ইসরায়েলের হামলায় অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৮ জন শিশুও রয়েছে এবং অন্তত ১ হাজার ৭৭৪ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, যুদ্ধ শুরুর পর থেকে মোট ৭ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছে।
ওমান
ওমানে দুটি ড্রোন দুকম বন্দরে হামলা চালালে এক বিদেশি শ্রমিক আহত হন বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।
পরে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, মুসান্দাম গভর্নরেটের উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়, এতে চারজন আহত হন।
এছাড়া সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার পর সেখানে দুইজন নিহত হয়েছেন।
কাতার
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইরানি হামলায় ১৬ জন আহত হয়েছে।
অধিকাংশ আহত হয়েছে পড়ে যাওয়া ধাতব টুকরো ও ধ্বংসাবশেষে, যার মধ্যে একজন গুরুতর আহত।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আল উদেইদ সামরিক ঘাঁটিতে আঘাত হানে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে।
এছাড়া একটি ড্রোন একটি আগাম সতর্কতা রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।
জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে সব স্কুলে অনলাইন শিক্ষা চালু করা হয়েছে এবং রমজান উপলক্ষে সব ধরনের জনসমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, আল খারজের কেন্দ্রীয় গভর্নরেটে একটি আবাসিক এলাকায় দুইজন নিহত এবং আরও ১২ জন আহত হন।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিকসহ অন্তত ছয়জন নিহত এবং ১৩১ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে সংযুক্ত আরব আমিরাতের দুই সেনাসদস্য নিহত হন।