যুদ্ধে ইরানে ২ শতাধিক শিশু নিহত, ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত শতাধিক

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২০২ জন শিশু এবং ২২৩ জন নারী নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিশুদের মধ্যে ১২ জনের বয়স পাঁচ বছরেরও কম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে নারী ও শিশুদের পাশাপাশি আরও বহু মানুষ আহত হয়েছেন এবং দেশটির স্বাস্থ্য-ব্যবস্থাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

ইসরায়েলের হোলোন শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত কিছু গাড়ি। ছবি: এএফপি

ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় আহত শতাধিক

অপরদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় আহত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

টাইমস অব ইসরায়েল বলেছে, মন্ত্রণালয় এই ১০৮ জনের আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। তাদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার জেরে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিচ্ছে ইরান।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন।