ইরান যুদ্ধ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কবে শেষ হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

আজ বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে চাই না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।’

যুদ্ধ কখন শেষ হবে সে সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পই নেবেন বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘শেষ পর্যন্ত প্রেসিডেন্টই সিদ্ধান্ত নেবেন, যখন আমরা বলব—লক্ষ্য অর্জিত হয়েছে।’

তবে ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘ সময় ধরে এ যুদ্ধ চলবে না বলেও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী।

ইরানের আরও শীর্ষ সামরিক নেতা নিহতের বিষয়ে হেগসেথ বলেন, ‘যাকেই নিয়োগ দেওয়া হোক না কেন, তা হবে অস্থায়ী।’

একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, হরমুজ প্রণালি ও ইরাকের ভেতরে ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে ইরানের গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে ৯০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা, ১১টি সাবমেরিন ধ্বংসসহ ইরানে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পেন্টাগন।

এছাড়া যুদ্ধ ব্যয়ের জন্য পেন্টাগন ইতোমধ্যে কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে বলেও উল্লেখ করা হয়।