ইরান যুদ্ধে প্রাণহানি বেড়ে ৩১৮৬: মানবাধিকার সংস্থা এইচআরএএনএ
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্তত ২১০ জনই শিশু।
আজ শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারানোদের মধ্যে একটি বড় অংশই সাধারণ মানুষ। এখন পর্যন্ত ১ হাজার ৩৯৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছে হারানা।
নিহতদের পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা গেছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ১৫৩ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও ৬৩৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের পরিচয় কিংবা মৃত্যুর ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংস্থাটি এই মৃত্যুগুলোকে 'অমীমাংসিত' হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহের টানা সংঘাতে ইরানের বিভিন্ন অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এর আগে প্রকাশিত প্রতিবেদনগুলোতেও নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।