কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৬

স্টার অনলাইন ডেস্ক

কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত কয়েক ডজন আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সি-১৩০ হারকিউলিস মডেলের উড়োজাহাজটি ইকুয়েডর ও পেরুর দক্ষিণ সীমান্ত সংলগ্ন পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের পরপরই আছড়ে পড়ে।

এতে বনের মধ্যে উড়োজাহাজের জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ সেনা সদস্য, বিমান বাহিনীর ছয় কর্মী এবং দুই পুলিশ সদস্য রয়েছেন।

ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস আরসিএন টিভিকে ৩৩ জন নিহতের তথ্য নিশ্চিত করার কিছুক্ষণ পরই এই হালনাগাদ তথ্য সামনে এলো। তিনি আরও জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও যোগ করেন, তদন্তকারীরা এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।

উড়োজাহাজটি যে সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেখানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক তৎপরতা চলছিল। কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী সেখানে যৌথভাবে মাদক কারবারি ও সশস্ত্র গোষ্ঠী দমনে অভিযান চালাচ্ছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।