যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি সেনা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ১০ লাখের বেশি সেনা প্রস্তুত রেখেছে ইরান।
বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।
ইরানের একটি সামরিক সূত্র তাসনিম নিউজকে জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধে জড়ালে তা ‘ঐতিহাসিক ভুল’ হবে—এমন জল্পনার মধ্যেই ইরানের মাটিতে আমেরিকানদের মোকাবিলায় দেশটির সেনাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে ইরানি তরুণদের মধ্যে বাসিজ, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ বেড়েছে। হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র অবতরণ করতে পারে—এমন পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত।
সূত্রটির ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র আত্মঘাতীভাবে হরমুজ প্রণালি খুলতে চায়। এটি আমাদের জন্য কোনো সমস্যা নয়। আমরা তাদের সেই কৌশলের মোকাবিলায় প্রস্তুত ও প্রণালিটি বন্ধ রাখব।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সামরিকভাবে ‘সম্পূর্ণ ধ্বংস’ হওয়ার পর ইরানের আলোচকেরা চুক্তির জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছে। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব তারা শুধু পর্যালোচনা করছে—তেহরানের এই দাবি ‘ভুল’। একই সঙ্গে তিনি ইরানকে দ্রুত চুক্তি গ্রহণের আহ্বান জানান।