ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বললেন ট্রাম্প, জোট থেকে বেরিয়ে আসার ইঙ্গিত
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ উল্লেখ করে এ জোট থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আজ বুধবার ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।
প্রায় সাত দশক আগে ইউরোপে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ ঠেকাতে ন্যাটো গঠনে নেতৃত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এবার ইরান যুদ্ধে ন্যাটোকে পাশে না পাওয়ায় এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এ যুদ্ধের পরিকল্পনা বা এর অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে মিত্রদের সঙ্গে আগে কোনো আলোচনা বা পরামর্শ করেনি ওয়াশিংটন।
ন্যাটোর বিষয়ে টেলিগ্রাফের ওয়াশিংটন প্রতিনিধির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি বলব এটি (ন্যাটো থেকে বের হয়ে যাওয়া) পুনর্বিবেচনারও ঊর্ধ্বে। ন্যাটোর বিষয়ে আমি কখনোই খুব একটা আশাবাদী ছিলাম না। আমি সবসময় জানতাম তারা একটি "কাগুজে বাঘ"। আর ভ্লাদিমির পুতিনও সেটি ভালো করেই জানেন।'
ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে হলে বা সদস্যপদ স্থগিত করতে হলে ট্রাম্পকে মার্কিন সিনেটের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের ‘পরামর্শ ও সম্মতি’ প্রয়োজন।
টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেন ও ইরান যুদ্ধকে একই পাল্লায় মাপেন বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, 'ন্যাটো মিত্ররা ইরান যুদ্ধে যোগ দেবে কি না, তা নিয়ে আমি "খুব বেশি জোর" দেইনি। কারণ আমি মনে করেছিলাম এটি এমনিতেই আসবে।’
'আমরা সবসময় তাদের পাশে ছিলাম, এমনকি ইউক্রেনের ক্ষেত্রেও। ইউক্রেন আমাদের সমস্যা ছিল না। এটি ছিল একটি পরীক্ষা এবং আমরা তাদের পাশে ছিলাম। আমরা সবসময়ই থাকতাম। কিন্তু তাদের পাশে পাইনি,' বলেন ট্রাম্প।
ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য ন্যাটোর প্রতি ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’। তিনি ন্যাটোকে ‘বিশ্বের দেখা এ যাবৎকালের সবচেয়ে কার্যকর সামরিক জোট’ হিসেবে উল্লেখ করেন।