রাবিতে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি সিপিজের

স্টার অনলাইন রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

আজ মঙ্গলবার সিপিজে এশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

রাবিতে গত ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এতে ৪ সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে।

এ নিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, একটি আবাসিক হলের সামনে সংবাদ সংগ্রহ করছিলেন দ্য ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিনিধিরা। সে সময় ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি ও বেসবল ব্যাট দিয়ে তাদের মারধর করে। আহত ৪ সাংবাদিককেই পরে হাসপাতালে ভর্তি করা হয়।

সিপিজে বলছে, ওই মারধরের ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করে।

সাংবাদিকরা যেন ক্যাম্পাসগুলোতে নিরাপদে ও কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই পেশাগত কাজ চালাতে পারে পারেন বিবৃতিতে সরকারের কাছে সে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সিপিজে এশিয়া।