ঐক্যবদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্য, তারা এখন নিজেদের আরও ভালো সুরক্ষা দিতে পারবে: ট্রাম্প

স্টার অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে গত ৭ আগস্ট একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

তিন দেশের এই চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আজ সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গতকাল রোববার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে সন্তুষ্টির বিষয়টি উল্লেখ করেন ট্রাম্প। 

পোস্টে তিনি বলেন, ‘অবশেষে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। সাম্প্রতিক এই ঘটনায় আমি খুবই আনন্দিত।’

‘মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশগুলো অবশেষে আরও কার্যকরভাবে নিজেদের সুরক্ষা দিতে সক্ষম হবে—এই চুক্তি তারই প্রমাণ। এটি একটি অত্যন্ত বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ,’ যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় গোলযোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। এমন অস্থিতিশীলতার মধ্যেই ওই তিন দেশ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে।

চুক্তি সইয়ের পর এক বিবৃতিতে বলা হয়, এর লক্ষ্য হলো যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের সম্মিলিত প্রতিরোধক্ষমতা জোরদার করা। 

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এতে আরও বলা হয়, চুক্তির আওতায় তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতার সব ক্ষেত্র আরও জোরদার করা হবে।

পাশাপাশি, তিন দেশই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।