এড শিরানের শো থেকে বাদ, এবার ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট ট্যুরের ঘোষণা ম্যাকলমোরের
যুক্তরাষ্ট্রে ব্রিটিশ পপ তারকা এড শিরানের কনসার্টের উদ্বোধনী শিল্পী ছিলেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। একটি কনসার্টে গান পরিবেশনের আগে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে ইসরায়েলিদের বিরাগভাজন হন গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী।
একপর্যায়ে ম্যাকলমোরকে নিজের কনসার্টের শিল্পীদের তালিকা থেকে বাদ দেন এড শিরান। তবে এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ এই তারকা।
এবার ফিলিস্তিনের সমর্থনে ধারাবাহিক কনসার্টের ঘোষণা দিয়েছেন গ্র্যামি পুরস্কারজয়ী র্যাপার ম্যাকলমোর। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
গানের অ্যাপ স্পটিফাইয়ে প্রতি মাসে ৪ কোটি মানুষ জনপ্রিয় র্যাপার ম্যাকলমোরের গান শোনেন।
গতকাল বৃহস্পতিবার তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুরের ঘোষণা দেন। অক্টোবরের শেষ দিকে ডাবলিন, প্যারিস ও লন্ডনে এসব কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ম্যাকলমোর বলেন, অন্য সংগীতশিল্পীরাও তার সঙ্গে যোগ দেবেন এবং শিগগিরই তাদের নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রে কনসার্ট আয়োজনের কাজও চলছে বলে নিশ্চিত করেন তিনি।
ম্যাকলমোর বলেন, ট্যুর থেকে পাওয়া সব অর্থ ফিলিস্তিনিদের সহায়তা ও মুক্তির উদ্যোগে দান করা হবে।
‘গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি, তা হলো, গত তিন বছরে কিছু একটা বদলে গেছে। ফিলিস্তিনের মুক্তি, এই আহ্বানকে দমন করার চেষ্টায় থাকা ধনকুবেরদের ক্ষমতা এবং শিল্পীদের কাছে আমাদের প্রত্যাশা নিয়ে সম্মিলিতভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে’, যোগ করেন তিনি।
ম্যাকলমোর জানান, বছরটা এখন ২০২৬। এই সময়ে এসে গণহত্যা চলতে দেখেও শিল্পীরা নিজেদের রাজনীতি-নিরপেক্ষ দাবি করতে পারেন না।
‘শিল্পীদের কাছে এখন মানুষের প্রত্যাশা ভিন্ন। মানুষ চায় শিল্পীরা নিজেদের আরও সচেতন করে তুলুক। তারা এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াক। শুধু বিনোদন নয়, আরও বড় উদ্দেশ্যে মঞ্চকে ব্যবহার করুক’, যোগ করেন তিনি।
পাশাপাশি, ফিলিস্তিন মুক্ত করার আহ্বান জানালে যদি শিল্পীর কণ্ঠ রুদ্ধ করা হয়, তাহলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয়টিও এখন সবার মনে প্রাধান্য পাচ্ছে— এমন মত দেন ম্যাকলমোর।
এরইমধ্যে ইংরেজ পাঙ্ক র্যাপ ব্যান্ড বব ভাইলান এই কনসার্ট ট্যুরের প্রতি সমর্থন জানিয়েছে। ইনস্টাগ্রামে ৪০ লাখের বেশি অনুসারী থাকা ব্রিটিশ ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার চাঙ্কজও ম্যাকলমোরের প্রশংসা করেছেন।
গত ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরানের অনুষ্ঠানের উদ্বোধনী শিল্পী হিসেবে মঞ্চে দাঁড়িয়ে ম্যাকলমোর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান।
তখন দর্শকদের উদ্দেশে ম্যাকলমোর বলেন, ‘এই ট্যুর করতে চাওয়ার অন্যতম বড় কারণ হলো, এমন স্টেডিয়ামে দাঁড়িয়ে আমার হৃদয়ের খুব কাছের একটি কথা বলতে পারা— ফ্রি প্যালেস্টাইন ... আমার এই বার্তা শান্তির জন্য; সব মানুষের প্রতি মর্যাদা, সম্মান ও বৈষম্যহীন আচরণ করার পক্ষে।’
অল্প সময় পর ম্যাকলমোর জানান, তাকে শিরানের ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছে।
পরে ভেন্যুটির মালিক রবার্ট ক্রাফট নিশ্চিত করেন, ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাকলমোরকে সংগীত পরিবেশন করতে দেওয়া হবে না। তিনি ম্যাকলমোরের বক্তব্যকে ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দেন।
ইহুদি-আমেরিকান ধনকুবের ক্রাফট ইসরায়েলের বিভিন্ন উদ্যোগে অনুদান দিয়েছেন।
গাজায় নির্বিচার হত্যাযজ্ঞের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০১৯ সালে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ক্রাফট।
ম্যাকলমোর দাবি করেন, ক্রাফটের চাপের কাছে নতি স্বীকার করে শিরান ও তার দল তাকে ট্যুর থেকে বাদ দিয়েছে।
তিনি অভিযোগ করেন, ট্যুরের অন্যান্য স্টেডিয়ামের মালিকদেরকেও ক্রাফট সংঘবদ্ধ করেন এবং ম্যাকলমোরকে মঞ্চে উঠতে না দেওয়ার জন্য রাজি করান।
পরে ওই মালিকেরা সম্মিলিতভাবে শিরানকে জানান, ম্যাকলমোরকে বাদ না দিলে ট্যুরটি এগিয়ে নেওয়া হবে না।
ম্যাকলমোরের এসব অভিযোগ নিয়ে ক্রাফট বা শিরান কেউই মন্তব্য করেননি। তবে শিরান বলেছেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল ট্যুরের আয়োজকের।
