যাদের হাতে উঠল ৬৮তম গ্র্যামি পুরস্কার
বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর বসেছিল লস অ্যাঞ্জেলসে। বরাবরের মতো এবারও এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসেরা শিল্পীদের হাতে গ্র্যামি পুরস্কার তুলে দেওয়া হয়।
আজ সোমবার গুরুত্বপূর্ণ পুরস্কার পাওয়া শিল্পীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
বছরের সেরা অ্যালবাম সহ মোট তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন ব্যাড বানি। স্প্যানিশ ভাষায় গান গেয়ে এর আগে আর কোনো শিল্পী এতোটা সাধুবাদ কুড়াননি। মা-বাবার দেওয়া নাম বেনিতো আন্তোনিও মার্তিনেজ ওকাসিও ফেলে 'ব্যাড বানি' নামেই বেশি পরিচিত হন পুয়ের্তোরিকোর এই শিল্পী।
মার্কিন র্যাপার কেনড্রিক লামার বছরের সেরা রেকর্ড সহ মোট পাঁচটি গ্র্যামি জিতেছেন।
ব্যাড বানির 'দেবি তিরার মাস ফতোস' বছরের সেরা অ্যালবামের পুরষ্কার পেয়েছে। স্প্যানিশ ভাষার এই লাইনটির অর্থ 'আমার আরও বেশি করে ছবি তোলা উচিৎ ছিল'।
কেনড্রিক লামার ও সিজা'র গাওয়া ডুয়েট 'লুথার' জিতে নিয়েছে রেকর্ড অব দ্য ইয়ার বা সেরা গানের পুরষ্কার।
গানের লিরিকস বিচারে সেরা গানের পুরস্কার পেয়েছে বিলি আইলিশ ও'কনেল ও ফিনিয়াস ও'কনেলের লেখা ওয়াইল্ডফ্লাওয়ার গানটি। গানটি গেয়েছেন বিলি আইলিশ নিজেই।
সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন অলিভিয়া ডিন।
'মেসি' গানটির জন্য সেরা পপ সোল গানের খেতাব জিতেছেন লোলা ইয়াং।
সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স জিতে নিয়েছে। 'ডিফাইং গ্র্যাভিটি'। এই গানটি গেয়েছেন সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্রান্ডে।
সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার পেয়েছে লেডি গাগা-এর 'মেইহেম'।
কেনড্রিক লামারের 'জিএনএক্স' সেরা র্যাপ অ্যালবামের স্বীকৃতি পেয়েছে।
পাশাপাশি, ৯০ বছর বয়সে তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা প্রথম বারের মতো গ্র্যামি জিতে নিয়েছেন। সেরা অডিও বুক, বর্ণনা ও গল্পবলা ক্যাটাগরিতে তার অ্যালবামটি পুরস্কার পেয়েছে। অ্যালবামের নাম 'মেডিটেশানস: দ্য রিফ্লেকশানস অব হিস হোলিনেস দ্য দালাই লামা।'
অন্যান্য পুরস্কারের মধ্যে আছে:
সেরা র্যাপ পারফরম্যান্স: 'চেইন্স অ্যান্ড হুইপস'—ক্লিপসে (পুশা টি অ্যান্ড ম্যালিস), ফিচারিং কেনড্রিক লামার অ্যান্ড ফ্যারেল উইলিয়ামস।
সেরা মিউজিক ভিডিও: 'এনজাইটি' – দেচি
সেরা মিউজিকা আরবানা অ্যালবাম: ব্যাড বানি – 'দেবি তিরার মাস ফতোস'।
সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: ব্যাড বানি – 'ইওও'।
সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম: 'কেতোনো ও বেথানিয়া আও ভিভো' – কেতানো ভেলোসো অ্যান্ড মারিয়া বেথানিয়া।
ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গান: কেপপ ডেমন হান্টার্স এর 'গোল্ডেন'।

