যুক্তরাজ্যে কিশোরদের বই পড়ার প্রবণতা কমেছে

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের (এনএলটি) জরিপে বলা হয়েছে, সেখানে ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রতি ১০ জন কিশোরের মধ্যে একজনেরও কম প্রতিদিন বই পড়ে। তাদের তথ্য অনুযায়ী, স্কুলের কাজ, স্ক্রিনটাইম ও খেলাধুলার কারণে বই পড়ার পরিমাণ কমে যাচ্ছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এনএলটি ১১ থেকে ১৬ বছর বয়সী ৮০ হাজার কিশোরকিশোরীদের ওপর এই জরিপ চালায়। দেখা গেছে, ৮ থেকে ১১ বছর বয়সীদের প্রায় অর্ধেক (৪৬ দশমিক ৯ শতাংশ) বই পড়তে পছন্দ করে। কিন্তু ১১ থেকে ১৪ বছর বয়সীদের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫ শতাংশ, আর ১৪ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে তা আরও কমে ২৮ দশমিক ৬ শতাংশে নেমে আসে।

জরিপে দেখা গেছে, ৮ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে ৩১ দশমিক ১ শতাংশ প্রতিদিন বই পড়ে, ১১ থেকে ১৪ বছরে তা কমে ১৭ দশমিক ১ শতাংশে দাঁড়ায়, আর ১৪ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে মাত্র ১৪ শতাংশ প্রতিদিন বই পড়ে।

প্রতিবেদনে বলা হয়, সব বয়সের ছেলেদের পড়ার হার মেয়েদের তুলনায় কম। ৮ থেকে ১১ বছর বয়সী মেয়েদের ৩৬ শতাংশ প্রতিদিন বই পড়ে, একই বয়সী ছেলেদের ক্ষেত্রে তা প্রায় ২৬ দশমিক ৩ শতাংশ। ১৪ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে প্রতিদিন বই পড়ার হার কমে ১৭ দশমিক ৬ শতাংশ, ছেলেদের ক্ষেত্রে মাত্র ৯ দশমিক ৮ শতাংশ।

এনএলটির প্রধান নির্বাহী জোনাথন ডগলাস বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিশোরদের ওপর নানা চাপ তৈরি হয়। ফলে বই পড়ার পরিমাণ কমে যায়। কিশোর ছেলেদের পড়ার অভ্যাস বিশেষভাবে নাজুক।

‘টিনেজ রিডিং: (রি)ফ্রেমিং দ্য চ্যালেঞ্জ’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি যুক্তরাজ্যজুড়ে পালিত ন্যাশনাল ইয়ার অব রিডিং উপলক্ষে প্রকাশিত হয়।

এনএলটির গবেষণায় ১১ থেকে ১৬ বছর বয়সীরা প্রায় ৫০ হাজার মন্তব্য করেছে। বই পড়া নিয়ে তারা মতামত জানিয়েছে।
ডগলাস বলেন, কিশোররা আমাদের বলেছে, আগ্রহের সঙ্গে মিললে তারা বেশি পড়ে।