দাঁত ব্যথায় লবঙ্গ ও পেয়ারা পাতা কি আসলেই উপকারী

স্মৃতি মন্ডল
স্মৃতি মন্ডল

দাঁতের ব্যথা উপশমে প্রচলিত ধারণায় অনেকে লবঙ্গ কিংবা পেয়ারা পাতা ব্যবহার করেন। দাঁতের ব্যথা হতে পারে দাঁত ও মাড়িজনিত যেকোনো সমস্যার লক্ষণ।

বিষয়টি নিয়ে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশিক আবদুল্লাহ্ ইমন।

দাঁত ব্যথার কারণ কী

ডা. আশিক আবদুল্লাহ্ ইমন বলেন, দাঁত ব্যথার অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে প্রধানত ডেন্টাল ক্যারিজ থেকে দাঁতে যদি গর্ত বা ক্যাভিটি হয়, তাহলে দাঁত ব্যথা হয়। ক্যাভিটি দাঁতের এনামেল নষ্ট করে, ডেন্টিনকেও নষ্ট করে দাঁতের ভেতরে যে মজ্জা থাকে—যেটিকে স্নায়ু বলে—সেটি নষ্ট করলে সেখান থেকে ব্যথা শুরু হয়। প্রাথমিকভাবে যদি দাঁতের প্রথম আবরণ এনামেল ক্ষয় হয়ে যায়, সেটির জন্য অনেক সময় দাঁতে সেনসিটিভিটি হয়।

মাড়িতে সংক্রমণ বা প্রদাহ থেকে দাঁত ব্যথা হতে পারে। জিনজিভাইটিস হলো মাড়ির একটি সাধারণ প্রদাহ, যা দাঁতের গোঁড়ায় জমে থাকা প্লাক ও ব্যাকটেরিয়ার কারণে হয়। সময়মতো চিকিৎসা না করলে জিনজিভাইটিস থেকে মাড়ি রোগ পেরিওডন্টাইটিস হয়। এর ফলে দাঁতে ব্যথা হয়, হাড় ক্ষয়রোগ হয়ে দাঁত নড়তে শুরু করে, রক্তপাত হয়, দাঁতের গোঁড়ায় ফোলাভাব ও পুঁজ বের হয়।

শক্ত কিছু কামড়ালে বা চিবানোর সময় দাঁতে চিড় ধরলে, ভেঙে গেলে দাঁত ব্যথা হয়। টনসিল, সাইনাসের সংক্রমণের কারণে দাঁতে ব্যথা হতে পারে। আক্কেল দাঁত উঠার সময়েও দাঁতে ব্যথা হয়।

দাঁত ব্যথায় লবঙ্গ ও পেয়ারা পাতা কি প্রাথমিক উপশম দিতে পারে

ডা. আশিক আবদুল্লাহ্ ইমন বলেন, ডেন্টাল সার্জন হিসেবে দাঁতের ব্যথা উপশমে কখনো লবঙ্গ ও পেয়ারা পাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না। লবঙ্গ ও পেয়ারা পাতায় বিদ্যমান কিছু উপাদানের কারণে তা দাঁত ব্যথায় প্রাথমিকভাবে কিছুটা উপশম দিতে পারে। তবে এগুলো অবশ্যই স্থায়ী চিকিৎসা নয়।

Clove
লবঙ্গ। ছবি: সংগৃহীত

লবঙ্গ দাঁত ব্যথা উপশমে কীভাবে কাজ করে

লবঙ্গে থাকা ইউজেনল প্রাকৃতিকভাবে ব্যথানাশক ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা সাময়িকভাবে ব্যথা কমাতে সহায়ক।

দাঁতের ব্যথায় আস্ত লবঙ্গ ধুয়ে নিয়ে সরাসরি ব্যথার স্থানে দাঁতে চেপে ধরে রাখলে ব্যথা সাময়িক উপশম হয়। এ ছাড়া ইউজেনল বা লবঙ্গ তেল তুলার মধ্যে এক ফোঁটা নিয়ে দুই মিনিটের মতো ব্যথার স্থানে চেপে ধরে রাখলে ব্যথা কিছুটা উপশম হতে পারে।

তবে দীর্ঘসময় লবঙ্গ দাঁতে চেপে ধরে রাখা ও লবঙ্গ তেল বেশি পরিমাণে দাঁতে লাগানোর কারণে মাড়িতে জ্বালা করতে পারে।

Guava Leaf
পেয়ারা পাতা। ছবি: সংগৃহীত

পেয়ারা পাতা দাঁত ব্যথা উপশমে কীভাবে কাজ করে

পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা মাড়ির ফোলা, সংক্রমণ ও ব্যথা কমাতে সাহায্য করে। এক্ষেত্রে চার থেকে পাঁচটি পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে কুসুম গরম করে সেই পানিতে দিনে ২ থেকে ৩ বার কুলি করলে দাঁতের ব্যথায় সাময়িক উপশম হতে পারে। কয়েকটি তাজা পেয়ারা পাতা চিবালেও ব্যথা উপশম হতে পারে।

প্রাকৃতিক উপাদানের কারণে এগুলো হয়তো সাময়িক উপশম দেয়। কিন্তু যদি দাঁতে ক্যাভিটি, পুঁজ, মাড়ির সংক্রমণ ও অন্যান্য রোগ বা প্রদাহ থাকে, সেগুলো প্রতিরোধে কিংবা চিকিৎসায় সহায়তা করে না। বরং লবঙ্গ ও পেয়ারা পাতা ব্যবহার করে ব্যথা সাময়িক উপশম করে অনেকে দাঁতের মূল সমস্যাকে গুরুত্ব দেয় না বা এড়িয়ে চলে। যার ফলে দাঁতের কোনো রোগ থাকলে সেটি আরও গুরুতর আকার ধারণ করতে পারে। তাই দাঁত ব্যথায় প্রাকৃতিক এসব উপাদান ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।