চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের কারখানায় বিস্ফোরণ, আহত ১১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কারখানার ভেতরে একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল তৈরি করা হতো বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুপুর প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আবুল খায়ের গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ বিস্ফোরণ ঘটে। আহতদের গ্রুপের নিজস্ব হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তিনজন এখনো চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটি কোনো বয়লার বিস্ফোরণ ছিল না। সামাজিক মাধ্যমে বয়লার বিস্ফোরণের যে তথ্য ছড়ানো হয়েছে, তা ভুল বলে  দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে যন্ত্রপাতি-সংক্রান্ত কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে।