৩ জেলায় সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারসহ নিহত ৬

স্টার অনলাইন রিপোর্ট

শেরপুর, ফরিদপুর ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিসাইডিং অফিসারসহ ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

শেরপুর

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসার রোকনুজ্জামান রোকন (৩১) নিহত হন। এ ঘটনায় মাহফুজা খাতুন (১৯) নামে আরও এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান ও মাহফুজাকে মৃত ঘোষণা করেন। রোকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

অপর নিহত মাহফুজা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ‘নারাইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।  

ঢাকা থেকে নারাইলের উদ্দেশ্যে যাওয়ার পথে উপজেলার সুয়াদি গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে আজ বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বাসটি জব্দ করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী সেন্টু হাওলাদার বলেন, বাসটি উচ্চগতিতে চলছিল এবং বাম দিকে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট

বাগেরহাটে মাহেন্দ্র ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন মোংলা উপজেলার কাদের খান (২৭) ও লাবলু মোল্লা (৩০)।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি চালতেতলা এলাকায় এ ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

(এই প্রতিবেদনটি প্রস্তুত করতে দ্য ডেইলি স্টারের ময়মনসিংহ, ফরিদপুর ও বাগেরহাট সংবাদদাতা তথ্য দিয়ে সহায়তা করেছেন)