বগুড়া ও শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখা হবে: ইসি সচিব

স্টার অনলাইন রিপোর্ট

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট পর আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

এর আগে, দুপুরে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগ আনে জামায়াতে ইসলামী।

অভিযোগগুলো নির্বাচন কমিশন খতিয়ে দেখবে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, 'অবশ্যই খতিয়ে দেখব। আমি কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চেয়েছি।'

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে ইসি সচিব বলেন, 'আমরা নির্বাচন আয়োজন করেছি, জামায়াত বর্জন করেছে। আমরা তো বলিনি, নির্বাচন বর্জন করেন।'

ইসি সচিব আখতার বলেন, 'আমি শুনেছি পৌনে ৪টায় জাল ভোটের কারণে (জামায়াত) বয়কট করেছে। সারাদিন ধরে ভোট হলো, এখন শেষ হওয়ার ২০ মিনিট আগে জাল ভোট। আচ্ছা ঠিক আছে। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এটা নিয়ে কোনো মন্তব্য নেই।'

তিনি আরও বলেন, 'তবে আমি ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি প্রতিবেদন দিতে। ফলাফল যেন দেরিতে না হয়।'

জামায়াতের অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়মের তথ্য পাচ্ছেন তারা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিসাইডিং অফিসাররা এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে সই নিয়েছেন।

তাদের আরও অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে।