চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় প্রাণ হারালেন চারজন।
৩৬ বছর বয়সী আশুরা আক্তার পাখি শরীরের শতভাগ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।
এর আগে একই দিন সকালে চিকিৎসাধীন ১৬ বছর বয়সী শাওন এবং দুপুরে ৪০ বছর বয়সী সামির আহমেদ সুমনের মৃত্যু হয়। ঢাকায় আনার পথে মারা যান সামিরের ভাবি নুরজাহান আক্তার রানী (৪০)।
সোমবার ভোর সাড়ে ৪টায় হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ওই সময় একই পরিবারের সদস্যরা সেহরি করছিলেন।
দুর্ঘটনায় দগ্ধ নয়জনের মধ্যে এখন পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে সাখাওয়াত হোসেনের শরীরের শতভাগ, শিপন হোসাইনের ৮০, উম্মে আইমান স্নিগ্ধার ৩৮, আয়েশার ৪৫ এবং ফারহান আহমেদ আনাছের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, চুলায় আগুন ধরাতে গেলে রান্নাঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।