শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন, বাঁচল না শিশুটিও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ষোলশহরে রেললাইনে খেলতে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটিও মারা গেছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ২ নম্বর গেট লেভেল ক্রসিং পার হয়ে ষোলশহরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা। তিনি পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন।

ওসি সুজন কুমার বলেন, সেতুর ওপর রেললাইনে দুটি শিশু খেলছিল। ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে একটি শিশুকে নিয়ে সেতুর নিচে খালে লাফ দেন এক ব্যক্তি। পরে ১০ বছর বয়সী আরেক শিশু মো. রাহাতকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার। সেসময় ট্রেনে কাটা পড়ে রাহাতের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহাতের বাবা ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে রেললাইনের পাশে খেলছিল। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে দেখি—আমার ছেলে আর বেঁচে নেই।