কুমিল্লায় ট্রাকচাপায় ২ বোন নিহত
কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর দরবার শরিফের গেট-সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার জন্য সড়ক পার হচ্ছিলেন। সে সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।