ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি উল্টে আহত ৮

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশবাহী গাড়ি উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল ওই কর্মসূচিতে যোগ দিতে গাড়িযোগে রওনা দেয়। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। আহত অন্যরা হলেন, কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই নিজাম।

আহতদের প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।