রেলক্রসিং আটকে যায় প্রাইভেটকার, ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলক্রসিংয় পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) সরাইল উপজেলার চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।

এ ঘটনায় আহত প্রাইভেটকারচালক মো. তানিম আহমেদ একই উপজেলার বগলাহাটি এলাকার সাইদুল হকের ছেলে।

ওসি আবদুল কুদ্দুস বলেন, প্রাইভেটকারটি বিজয়নগর থেকে সরাইলের দিকে যাচ্ছিল। পথে মুকুন্দপুর এলাকায় একটি রেলক্রসিং পার হওয়ার সময় 
প্রাইভেটকারটি আটকে যায়। সেসময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন সাইফুল ও চালক। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেটম্যান দায়িত্বে ছিলেন না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।