৫ জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত ৭, আহত অন্তত ৪
পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর, বরিশাল, রাজবাড়ী, ঢাকা ও ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন—সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব হোসেন (২৭) এবং রায়পুর উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৫৫)।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ও রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, আজ দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের আবুলের গোজা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রাকিব এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সিএনজিচালিত অটোরিকশাচাপায় আনোয়ার মারা যান।
বরিশাল
ঢাকা-বরিশাল মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন—গৌরনদী উপজেলার শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, ঢাকা থেকে বরিশালমুখী একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়।
বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কোভিদ জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জিলাল হোসেন (৩৯) জেলার কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের দামেজ উদ্দীনের ছেলে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।
সম্প্রতি ছুটিতে বাংলাদেশে এসেছিলেন বিল্লাল।
রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী বিল্লালের মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।
ঢাকা
রাজধানীর কদমতলী শনিরআখড়া এলাকায় ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে। নিহত শাহআলম (১২) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামের বাসিন্দা ছিল। সে একটি মানিব্যাগ তৈরি কারখানার শ্রমিক ছিল এবং ঢাকায় সেই কারখানাতেই থাকতো। রাতে নাশতা খাওয়ার জন্য বের হয়ে সে দুর্ঘটনার শিকার হয়।
আজ ভোররাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কারখানার মালিক জুবায়ের হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে শনিরআখড়া জাপানী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল শাহআলম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও এর চালককে ধরে পুলিশে দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। কদমতলি থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।
ঝিনাইদহ
ঝিনাইদহে ট্রাকচাপায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহত মো. হোসেন (১৪) সদর উপজেলার কয়রাগাছি গ্রামের শাহিনুর রহমানের ছেলে। সে যশোরের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
আজ সকালে ঝিনাইদহ সদর উপজেলার নরসিংহপুর ইটভাটা এলাকায় ঝিনাইদহ–যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রান্ত (১৩) নামে আরেক কিশোর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
হোসেন ও প্রান্ত একই গ্রামের বাসিন্দা ও বন্ধু। হোসেনের বাবা নরসিংহপুর ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। হোসেন তার বন্ধুকে সঙ্গে নিয়ে সাইকেলে করে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল।
বারো বাজার হাইওয়ে থানা পুলিশের ওসি আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে জানান, হোসেন ও প্রান্ত ঝিনাইদহ–যশোর মহাসড়কের নরসিংহপুর গ্রামের ইটভাটা এলাকায় পৌঁছালে ইটভাটার জ্বালানি কাঠবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।
স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ চালক ও ট্রাকটি হেফাজতে নিয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উদ্ধার দলের নেতা আবদুর রাজ্জাক বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই হোসেনের মৃত্যু হয়। চিকিৎসাধীন প্রান্তর অবস্থা আশঙ্কামুক্ত।