ঈদের কেনাকাটা হলো না কিশোরের, নির্মাণাধীন ছাদ ধসে মৃত্যু
লক্ষ্মীপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গিয়ে পথে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক কিশোর নিহত হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রামগঞ্জ পৌরসভার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন (১৭) পৌরসভার বাঁশঘর মহল্লার আলমগীর হোসেন বকুল ও নাসিমা বেগম দম্পতির ছেলে ছিল।
ছাদ ধসে ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী খোরশেদ আলম (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ মডেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহাদ হোসেন মায়ের সঙ্গে রামগঞ্জ শহরে ঈদের কেনাকাটার জন্য যায়। চৌরাস্তা এলাকায় পৌঁছালে সেখানে আল মনসুর ড্রাগ হাউজের নির্মাণাধীন দোকান ঘরের ছাদ ধসে ফরহাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদের মৃত্যু হয়।
ওসি ফিরোজ উদ্দিন বলেন, 'মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত ফল ব্যাবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'