ঢাকা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর তেজগাঁও ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন।
তেজগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছেন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নম্বর কালাম মিয়ার বস্তির সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী (১৪) ওই এলাকার দিনমজুর রফিকুল ইসলামের সন্তান। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেলে খেলতে বের হয়ে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানটি নুরনবীকে ধাক্কা দিয়ে চলে যায়। ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা তদন্ত করছে বলে জানানো. ফারুক।
অন্যদিকে, কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন (২৫) ওই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের পুটিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, আসমানিয়া রায়পুরের সড়ক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়।
ওসি ইকবাল বলেন, ‘নিহত ফরহাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় সেটি জব্দ করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’