তুরাগে বাসায় গ্যাস বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মারা গেছেন আরও এক নারী। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে তিনজন প্রাণ হারালেন।

নিহতের নাম রিয়া আক্তার (২৭)।

আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রিয়ার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে রোববার এ ঘটনায় প্রাণ হারান রিয়ার ছোট বোন ৬ মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া। গতকাল মঙ্গলবার প্রাণ হারান সোনিয়ার চাচাতো ভাশুর এনায়েত আলী (৩২)। 

গত শুক্রবার ভোর রাত ৩টার দিকে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের ওই ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজের পর জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে।

এ ঘটনায় সোনিয়ার স্বামী রুবেল (৩০), মেয়ে রোজা (৩), এনায়েতের স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা খাতুন (১৯) ও আবু কালাম রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

একই ভবনের ৪ তলার বাসিন্দা সাজেদ মাতব্বর জানান, রাইড শেয়ার চালক রুবেল তার পরিবার নিয়ে বাসাটিতে থাকতেন।

সাজেদ আরও জানান, দুবাইফেরত এনায়েত গ্রাম থেকে পরিবার নিয়ে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে আসেন।