কাপাসিয়ায় বাস–কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কাপাসিয়ার সূর্যনারায়ণপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত তারিকুল ইসলামের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলরত অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
এতে কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালনা হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে।
এসআই জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।