এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ২

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

রংপুরের কাউনিয়ায় ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির সংসদ সদস্য এনসিপি নেতা আতিক মুজাহিদের মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। 

আহতরা হলেন ছাত্রশক্তি নেতা আকরামুল হক ও মাইক্রোবাসচালক কামাল হোসেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এমপি আতিক মুজাহিদ মাইক্রোবাসে ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন। তার গাড়ি বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি নাজমুল হক বলেন, 'এমপি আতিক মুজাহিদ সুস্থ আছেন। তিনি নিজ বাড়ির উদ্দেশে গেছেন।'

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনার বিষয়ে জানতে এমপি আতিক মুজাহিদকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।