আপডেট

পথচারীকে ধাক্কা দিয়ে প্রতিমন্ত্রী বারীর গাড়ি ধানখেতে, আহত সেই নারী মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নারী ফিরোজা বেগম (৬৫)। তিনি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের স্ত্রী। বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন সকালে উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছিলেন।

এর আগে পুলিশ জানিয়েছিল, ওই নারীকে বাঁচাতে গিয়েই প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আব্দুল বারী ঢাকা থেকে সস্ত্রীক তার নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি নিজেও ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে তার স্ত্রী সুস্থ আছেন।

বর্তমানে তারা কালাই উপজেলায় নিজ বাসভবনে অবস্থান করছেন বলে জানান উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে পাশের ধানখেতে নেমে যায়।