ভাসমান সেতু উল্টে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ আরও ৪

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু উল্টে দুই সহোদরসহ ৫ শিশু মারা গেছে। এ ঘটনায় অন্তত ৪ শিশু এখনো নিখোঁজ।

আজ শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি (১০), আবির হোসেন (৮), বালুর চর গ্রামের শের আলীর মেয়ে খাদিজা আক্তার (১২), তার ছোট ভাই মোতালেব হোসেন (৬) ও একই গ্রামের রিহাদ (৮) মারা গেছে।

তাদের মরদেহ থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপরে ড্রাম দিয়ে নির্মিত ওই ভাসমান সেতুটিতে ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো আজ বিকেলেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।

কিন্তু, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ উল্টে যায়। এতে প্রায় শতাধিক মানুষ নদীতে পড়ে যায়।

অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু স্রোতে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।

সন্ধ্যার পর চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। রাত ১০টা পর্যন্ত অন্তত ৪ শিশু নিখোঁজ রয়েছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মুবিন খান ডেইলি স্টারকে বলেন, 'নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।'

ওসি মনসুর বলেন, 'পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার কাজে সহায়তা করছে।'