‘ভাইয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, দাফনের না’
আগামীকাল সোমবার ছিল বিয়ে তারিখ, বাড়িতে চলছিল উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সেই আনন্দ রূপ নিল গভীর বিষাদে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন।
আজ রোববার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার গরমাটি এলাকায় বনপাড়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জুলফিকার ইসলাম জিল্লু (২৬) পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার জিল্লুর বিয়ের দিন ধার্য ছিল। আজ রোববার সকালে নিজের বিয়ের নিমন্ত্রণ জানাতে ব্যক্তিগত প্রাইভেটকারে গরমাটি গ্রামে বোনের বাড়ির দিকে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে গরমাটি কলোনি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন জিল্লু।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, 'ঈদের ছুটির কারণে মহাসড়ক অনেকটা ফাঁকা ছিল। রাস্তা খালি থাকায় গাড়ি বেশ দ্রুতগতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।'
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
জিল্লুর মৃত্যুর সংবাদ ঈশ্বরদীর নওদাপাড়া গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। বিয়ের সাজে সজ্জিত বাড়িটি মুহূর্তেই বিদীর্ণ হয় শোকের মাতমে।
নিহতের ভাই মো. রফিকুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। একটু শান্ত হলে বলেন, 'আমরা ভাইয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, অথচ আজ আমাদের ওর জানাজার-দাফনের প্রস্তুতি নিতে হচ্ছে। এই শোক আমরা সইব কীভাবে?'