গেন্ডারিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গেন্ডারিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত গেছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গেন্ডারিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আরশাদুলের (১৩) বাসা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বলে জানা গেছে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ট্রেনের যাত্রী মো. ইউসুফ সাংবাদিকদের জানান, ওই কিশোর নারায়ণগঞ্জগামী ট্রেনের ছাদে ছিল। ট্রেনটি গেন্ডারিয়া স্টেশনে পৌঁছালে সে নিচে পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, 'ট্রেনের এক যাত্রী আহত কিশোরকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত কিশোরের স্বজনদের খবর দেওয়া হয়েছে।'