ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে শিশুসহ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর জয়নুল উদ্যানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনই ব্রক্ষপুত্র নদের পাশে অবস্থিত জয়নুল উদ্যানে ভ্রাম্যমাণ নাগরদোলা চালু থাকে। এদিন সন্ধ্যায় চলন্ত অবস্থায় হঠাৎ করেই একটি নাগরদোলা ভেঙে মাটিতে পড়ে যায়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুবাইদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সঞ্জয় (৪০) নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আদর (২৭) নামে একজন হাসপাতালে ভর্তি আছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’ 

ওসি শিবিরুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’