বরগুনায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনার আমতলী উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরশহরের এ কে স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার হলদিয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও চাওড়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আবু জাফর (৫৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে ওই নির্মাণাধীন ভবনের নতুন তৈরি সেপটিক ট্যাংকের কাঠের সাটারিং খোলার কাজ করতে যান জাহিদুল ও আবু জাফর। কাজের একপর্যায়ে প্রথমে জাহিদুল ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু ভেতরে নামার পরপরই বিষাক্ত গ্যাসের কারণে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে আবু জাফরও ট্যাংকের ভেতরে নামলে তিনিও জ্ঞান হারান।

পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাদের দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন সেপটিক ট্যাংকটি বন্ধ থাকায় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ দুটির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।