গাজীপুরে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাস এলাকায় দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত আহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভোগরা বাইপাস ফ্লাইওভারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি বাস যাত্রী ওঠানামার জন্য হঠাৎ ব্রেক করে। এ সময় বাসটির পেছনে থাকা অটোরিকশাটি ব্রেক করতে সক্ষম হলেও পেছন থেকে আসা বিনিময় পরিবহনের আরেকটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। অটোরিকশার ক্ষতিগ্রস্ত অংশ কেটে ভেতরে আটকে থাকা মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।