দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ে গেল পদ্মায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে আবারও একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে।
আজ শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট থেকে পন্টুন এলাকায় প্রবেশ করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি নদীতে পড়ে যায়।’
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘ধারণা করা হচ্ছে বাসটি থেকে যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ‘বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। দুর্ঘটনার পরেই বাসটির চালক ও সহযোগীকে উদ্ধার করা হয়েছে। এখন ডুবন্ত বাসটিকে উদ্ধারের কার্যক্রম চলছে।’
এর আগে, গত ২৫ মার্চ একই ফেরিঘাট এলাকায় ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
