পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৬
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সাত শিশুসহ ১১ জন নারী ও আটজন পুরুষ। এরইমধ্যে ২২টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আমাদের উদ্ধার অভিযান এখনও চলছে। সর্বশেষ আমরা যে মরদেহটি উদ্ধার করেছি, তার পরিবারের সদস্যরা ঘাটে অপেক্ষা করছিলেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানায়, গতকাল বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে ফেরিঘাটে বাসটি নদীতে পড়ে ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। পরে রাত ১২টা ৩৮ মিনিটে বাসটি উদ্ধার করা হয়। এই বাসে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। জীবিত উদ্ধার করা হয় আটজনকে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, ১০ জন ডুবুরি এবং সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানে অংশ নেয়।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, এ পর্যন্ত ২২টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।